NEWSTV24
যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থায় বড় ধরনের কারিগরি ত্রুটির জেরে যুক্তরাষ্ট্রজুড়ে এখনো ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল রয়েছে। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে দীর্ঘতম সময়ের জন্য সব ধরনের উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) রাখার পর শনিবারও বিমান চলাচল স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে এয়ারলাইনসগুলো। এই নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ে বিমানবন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী; এমনকি বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পেশাদার ও কলেজ পর্যায়ের বিভিন্ন ক্রীড়া দলকেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করার সময় পুরোনো ও সেকেলে যন্ত্রপাতির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ও রাডারে ‘বিরতিহীন বা মাঝেমধ্যে বিচ্ছিন্নতা’ (ইন্টারমিটেন্ট গ্যাপ) দেখা দেয়, যার জেরে টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হয়। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম (ইটি) অনুযায়ী শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উড্ডয়ন স্থগিতাদেশ তুলে নেওয়ার পর সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই বিপর্যয়ের রেশ আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। অবশ্য মার্কিন কর্মকর্তাদের আশা, আসন্ন ‘থ্যাংকসগিভিং’ উৎসবের ভ্রমণ মৌসুমের আগেই আকাশপথের এই ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে পাইলটদের কাছে জরুরি বার্তা পাঠানোর গুরুত্বপূর্ণ এফএএ- কম্পিউটার সিস্টেম বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে দেশব্যাপী ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। আর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী হামলার পর এটিই ছিল দেশটিতে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী উড্ডয়ন স্থগিত করার ঘটনা।

৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ : পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। পুরনো রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ (ওভারলোড) তৈরি হওয়ায় অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাৎক্ষণিকভাবে সারা দেশে উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। তিনি আরও বলেন, ‘আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা অত্যন্ত পুরনো। নতুন কোনো যন্ত্রপাতির কারণে নয়, বরং পুরনো যুগের সরঞ্জাম (লিগ্যাসি ইকুইপমেন্ট) বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ আধুনিক ও অত্যাধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে মার্কিন কংগ্রেসের কাছে ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার বরাদ্দ চেয়েছেন তিনি। সাইবার হামলার কোনো প্রমাণ নেই: এটি কোনো সাইবার হামলা কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) মন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, বিষয়টি তদন্তে বিশেষ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি। এটি নিছকই টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট।

উভয় মন্ত্রীই দেশের পরিবহন ও আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়েছেন। শন ডাফি হুঁশিয়ারি দিয়ে বলেন, জরুরি ভিত্তিতে এই ব্যবস্থার আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতেও এমন বিপর্যয় বারবার ঘটবে এবং নিরাপত্তার স্বার্থে তারা আবারও ফ্লাইট বন্ধ করতে বাধ্য হবেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের নিউইয়র্কে আগমনের সময় এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও একই ধরনের নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছিল।

চরম ভোগান্তিতে যাত্রীরা : সরেজমিনে নিউয়ার্ক বিমানবন্দর থেকে আল জাজিরার প্রতিবেদক গ্যাব্রিয়েল এলিজোন্দো জানান, বিমানবন্দরের ব্যাগেজ ক্লেইম এলাকায় অসংখ্য মানুষকে বিভ্রান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সব ফ্লাইট বিলম্বিত হওয়ায় নিজেদের মালামাল কোথায় আছে এবং তারা কীভাবে গন্তব্যে যাবেনÑতা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক সময়ে নিউয়ার্ক বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ফ্লাইট ওঠানামা করে। তবে সাম্প্রতিক এই স্থগিতাদেশের কারণে এরই মধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও কয়েকশ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতি ও বাতিল হওয়া ফ্লাইটের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব নয় বলে জানিয়েছে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের বর্তমান চিত্র তুলে ধরে প্রতিবেদক আরও জানান, কোনো ফ্লাইট অবতরণ না করায় ব্যাগেজ ক্যারোসেল (মালামাল পরিবহনের বেল্ট) এলাকায় কোনো বেল্টই সচল নেই। ফলে নতুন করে কোনো ব্যাগও আসছে না। এই আকস্মিক অচলাবস্থায় বিপুল সংখ্যক যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। সূত্র : বিবিসি, এপি।