NEWSTV24
ভোলার নতুন কূপে গ্যাস, জ্বালানি খাতে আশার খবর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভোলায় নতুন একটি গ্যাসকূপে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভোলা নর্থ-৩ নামের কূপটিতে গতকাল রোববার সকালে গ্যাসের চাপ, মজুত যাচাই শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক দুই কোটি ২০ লাখ থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষা শেষে কূপটির প্রকৃত উৎপাদনক্ষমতা জানা যাবে।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির অবস্থান। গত ৯ সেপ্টেম্বর খনন শুরু করে তিন হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত কাজ শেষ করা হয়। গত শনিবার পারফোরেশন বা গ্যাসের স্তরে ছিদ্র তৈরির কাজ সম্পন্ন হয়। গতকাল সকাল ৮টা ২০ মিনিটে প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। পরীক্ষায় গ্যাসের প্রবাহ ও কূপের চাপ যাচাই করা হবে। ভোলা নর্থ-৩ জেলার দশম গ্যাসকূপ।নতুন কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেশের জ্বালানি খাতে আশার খবর। তবে ভোলায় আগে থেকেই থাকা গ্যাসের বড় অংশ কাজে লাগানো যাচ্ছে না। জাতীয় গ্রিডে নেওয়ার পাইপলাইন নেই, আবার স্থানীয় চাহিদাও সীমিত। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট থাকলেও ভোলার উদ্বৃত্ত গ্যাস ব্যবহার করা যাচ্ছে না।

গ্যাসের বড় সম্ভাবনা, উৎপাদন কম

ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। ১৯৯৫ সালে শাহবাজপুর আবিষ্কারের পর ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা গ্যাসক্ষেত্রের সন্ধান মেলে। নতুন কূপটি যুক্ত হওয়ার আগে ৯টি কূপ খনন করা হয়েছিল। এসব কূপের সম্মিলিত উৎপাদনক্ষমতা দৈনিক প্রায় ১৮ কোটি ২০ লাখ ঘনফুট। কিন্তু বর্তমানে উত্তোলন হচ্ছে সাত থেকে আট কোটি ঘনফুটের মতো।পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, তিনটি গ্যাসক্ষেত্রে মজুত রয়েছে প্রায় ২ দশমিক ৫ টিসিএফ গ্যাসের কাছাকাছি; এর মধ্যে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণও উল্লেখযোগ্য। সাম্প্রতিক জরিপে নতুন এলাকায় গ্যাসের সম্ভাবনা পাওয়া গেছে। বাপেক্স আরও কূপ খননের পরিকল্পনা নিয়ে কাজ করছে। অর্থাৎ অনুসন্ধান ও কূপ খনন অব্যাহত থাকলে ভোলার উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।এখন ভোলার গ্যাস দিয়ে স্থানীয় দুটি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের চাহিদা মেটানো হচ্ছে। এর মধ্যে শেলটেক সিরামিকসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ইন্ট্রাকো নামের একটি বেসরকারি কোম্পানি সিএনজি আকারে কিছু গ্যাস ঢাকায় নেয়। তবে পরিবহন সক্ষমতা সীমিত হওয়ায় প্রতিদিন প্রায় আট থেকে দশ লাখ ঘনফুটের বেশি নেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় চাহিদা মেটানোর পরও যে গ্যাস অব্যবহৃত থাকছে, তা জাতীয় গ্রিডে নেওয়ার ব্যবস্থা নেই।

জাতীয় সংকটে কাজে লাগবে যেভাবে

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সরবরাহ হচ্ছে ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুট। ঘাটতি প্রায় ১১৫ কোটি ঘনফুট। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক খাতে সংকট বাড়ছে। এ অবস্থায় ভোলার উদ্বৃত্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে বিশেষ করে ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলে সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে সে জন্য আগে পরিবহনের অবকাঠামো গড়ে তুলতে হবে।ভোলার গ্যাস কাজে লাগাতে সরকার এলএনজি পরিবহন ও পাইপলাইন নির্মাণের সম্ভাবনা যাচাই করছে। সম্প্রতি জ্বালানি বিভাগের বৈঠকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানিকে (জিটিসিএল) এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এলএনজি করে গ্যাস পরিবহনে ভোলায় গ্যাস তরল করে জাহাজে নিতে হবে, পরে আবার গ্যাসে রূপান্তর করতে হবে। এতে খরচ বেশি পড়বে। গত বছর ১৬০টি শিল্পপ্রতিষ্ঠানের কাছে এ পদ্ধতিতে গ্যাস নেওয়ার আগ্রহ জানতে চিঠি দিয়েও উল্লেখযোগ্য সাড়া পায়নি পেট্রোবাংলা। ব্যবসায়ীরা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ থেকে ৪০ টাকা দিতে চাইলেও বিতরণ কোম্পানির প্রস্তাব ছিল ৪৭ টাকা ৫০ পয়সা। পাইপলাইনের জন্য ভোলা-বরিশাল-ঢাকা এবং ভোলা-বরিশাল-খুলনা দুটি রুট আলোচনায় রয়েছে।

স্থানীয় শিল্পায়নের দাবি

ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের মতে, সার কারখানা, শিল্পাঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলা হলে কর্মসংস্থান বাড়বে, উপকৃত হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। ভোলায় গ্যাস থাকা সত্ত্বেও প্রতিশ্রুত অনেক প্রকল্প বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের।ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম নবী আলমগীর বলেন, নতুন কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা ভোলার জন্য আনন্দের। তবে স্থানীয় শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি।

গ্যাজপ্রমের তৎপরতা

ভোলায় গ্যাস অনুসন্ধান ও পরিবহন অবকাঠামো নির্মাণে নতুন করে তৎপর হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম। প্রতিষ্ঠানটি পাঁচটি কূপ খনন, ভোলা ও হাতিয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ, ভোলা-বরিশাল গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং ছোট পরিসরে এলএনজি স্থাপনা নির্মাণের প্রস্তাব দিয়েছে। ঢাকায় রাশিয়ার দূতাবাসের মাধ্যমে জ্বালানি বিভাগে এসব প্রস্তাব পাঠানো হলেও সিদ্ধান্ত হয়নি।জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া গ্যাজপ্রমকে নতুন কোনো কাজ দেওয়া উচিত নয়। আগের কাজের ব্যয় ও কারিগরি সক্ষমতা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে।