দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসায় জেলার জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোরবেলা ও রাতে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা না থাকলেও ঠান্ডার তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সবচেয়ে কম। এবছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।সকালের দিকে ঠান্ডা বাতাসে স্বাভাবিক কাজকর্ম কিছুটা ধীরগতিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে। রোদের উষ্ণতায় দিনের একটি অংশে স্বস্তি ফিরলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে।শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
ভোরবেলা জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া চা শ্রমিক, দিনমজুর, পাথর ও বালু শ্রমিক এবং ভ্যানচালকদের শীত উপেক্ষা করেই কাজে নামতে হচ্ছে। অনেক স্থানে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র পরিবারগুলোর কষ্ট বাড়ছে। পাশাপাশি শীতের শুরুতেই সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগব্যাধির ঝুঁকি তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরা।তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড়ে তুলনামূলক আগে ও বেশি শীত অনুভূত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বায়ুপ্রবাহ এবং রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে।তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে রবিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়া রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ।