ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। রোববার (১২ জুলাই) এসব স্কুলের সকল শ্রেণির চলমান অর্ধবার্ষিক পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (১২ জুলাই) নির্ধারিত সকল পরীক্ষা এবং সকল শ্রেণির পাঠদান স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নোটিশে বলা হয়েছে, রোববার ১২ জুলাইয়ের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষে নোটিশে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ও কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি।কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টি চলছেই। দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে।এদিকে, রাজধানীর আরও কয়েকটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। দ্রুত ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।