সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জর্ডান ও ইরাক সীমান্তসংলগ্ন আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। চলতি বছরে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর সিরিয়ার ভূখণ্ডে এটিই ইরানের প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হামলার দাবি। গালফ নিউজের প্রতিবেদনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানায়, সম্প্রতি ইরানের সিস্তান ও বালুচেস্তান প্রদেশের ইরানশাহরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন সেনাসদস্য নিহত হওয়ার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। বাহিনীটির দাবি, ‘অপারেশন নাসর-২’-এর অংশ হিসেবে পরিচালিত হামলায় শত্রুপক্ষের রাডার ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-তানফ ঘাঁটিটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযানের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইরানের এই দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে সিরীয় সামরিক সূত্র। তাদের এক কর্মকর্তা জানান, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির পাশের খোলা এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন আল-তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছিল। হামলার দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ