ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলায় আঘাত করা দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমে আসছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। ভয়াবহ এই দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে লা গুয়াইরা এলাকায় প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এখন সেখানে প্রবেশ করতে হলে সরকারি অনুমতি নিতে হচ্ছে।

সরকারি উদ্ধারকর্মীর সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ভূমিকম্পে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে।জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, প্রত্যেকটি জীবিত উদ্ধার এখন অলৌকিক ঘটনার মতো। এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করব না।ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সংকটের এই গুরুত্বপূর্ণ সময়ে জীবিত মানুষদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা গ্রহণের বিষয়টিও স্বাগত জানান।

সরকার জানিয়েছে, লা গুয়াইরা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পরিমাণ সহায়তা পৌঁছেছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এক দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলায় তার রাজনৈতিক বৈধতা নিয়েও বিতর্ক রয়েছে।জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৭০ থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।এরই মধ্যে শনিবার আরাগুয়া অঙ্গরাজ্যের উপকূলে আরও ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এতে বড় ধরনের নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন অনলাইন ডেটাবেজে প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তিদের তথ্য যুক্ত হচ্ছে, যদিও এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ব্যক্তি কিংবা একই ব্যক্তির একাধিক তথ্যও থাকতে পারে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। জীবন রক্ষাকারী সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এখন অত্যন্ত জরুরি।