কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে একাধিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লাঞ্চার) ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির বিবৃতির বরাতে ফার্স নিউজ জানায়, ‘নির্ভুল ড্রোন অপারেশনের’ মাধ্যমে কুয়েতে মার্কিন ঘাঁটির কয়েকটি হিমার্স লাঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব লাঞ্চার ইরানের ভূখণ্ডে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী। তবে ঠিক কতগুলো লাঞ্চার ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইআরজিসি। সংগঠনটির দাবি, ওই ড্রোন হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
হিমার্স বা ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক ও অত্যন্ত নির্ভুল রকেট লঞ্চার ব্যবস্থা। এটি ট্রাকের ওপর স্থাপন করা যায় এবং দ্রুত হামলা চালিয়ে অবস্থান পরিবর্তনের সক্ষমতার জন্য সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে ইরানের এই হামলার দাবি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে হরমুজ প্রণালিকে ঘিরে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। পাল্টাপাল্টি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক তৎপরতা বাড়তে থাকলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি