ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

গাজার ধ্বংসস্তূপ দেখে ‘ভালো লাগে’: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে নিজের মধ্যে ‘ভালো অনুভূতি’ তৈরি হয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন।

উত্তর গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া পরিস্থিতি দেখে কেমন অনুভূতি হচ্ছে—এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, ‘একটি ভালো অনুভূতি, তাই নয় কি।’ তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ইসরায়েলের একটি ‘পরিকল্পিত নীতি’র অংশ। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে দেশটির নিরাপত্তা হুমকি চিরতরে দূর করা।

কাটস বলেন, আগের সামরিক কৌশলে ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে অভিযান শেষে ফিরে আসত। তবে বর্তমানে সেই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন সেনাবাহিনী গাজার ভেতরে অবস্থান করছে এবং দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বা নিয়ন্ত্রিত তিনটি নতুন বসতি স্থাপনের জন্য বিশেষ আউটপোস্ট বা সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।

গাজায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো গাজায় বেসামরিক স্থাপনা ধ্বংস এবং প্রাণহানির বিষয়ে বারবার সতর্ক করে আসছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই