ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: কোন দিকে যাবে চীন

ইউক্রেন সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান নিয়ে নিবিড় যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো বলেছেন, ইউক্রেন পরিস্থিতির বিভিন্ন দিক এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে দুই দেশ নিয়মিতভাবে মতবিনিময় করছে।

রোববার (১৯ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্দ্রে রুদেনকো বলেন, ইউক্রেন সংকটের অগ্রগতি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে মস্কো ও বেইজিং বিভিন্ন পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। তিনি এ বিষয়ে চীনের অবস্থানকে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক বলে উল্লেখ করেন।

রুদেনকো বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির প্রতি শ্রদ্ধা রেখে চীন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বও এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ২০ মে দুই দেশের শীর্ষ নেতাদের যৌথ ঘোষণায় ইউক্রেন সংকটের মূল কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। তিনি বলেন, ২০২৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের (জিএসআই) বিভিন্ন নীতির সঙ্গে রাশিয়ার অবস্থানের মিল রয়েছে।

সাক্ষাৎকারে রুদেনকো পশ্চিমা দেশগুলোর নিরাপত্তানীতিরও সমালোচনা করেন। তার ভাষ্য, কোনো রাষ্ট্র বা সামরিক জোটের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের বৈধ নিরাপত্তা স্বার্থ উপেক্ষা করা উচিত নয়। এ ধরনের নীতির বিরোধিতায় রাশিয়া ও চীন অভিন্ন অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় রাশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে সংঘাত নিরসনে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ বা সমঝোতার ঘোষণা দেওয়া হয়নি। তথ্যসূত্র: তাস