ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হবে বিমানের জ্বালানি

চীনের বিজ্ঞানীরা প্লাস্টিক বর্জ্য থেকে উড়োজাহাজের জ্বালানি তৈরির নতুন একটি রাসায়নিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে পলিমারজাত প্লাস্টিককে ভেঙে তরল হাইড্রোকার্বনে রূপান্তর করা সম্ভব হচ্ছে। গবেষকদের দাবি, এ উদ্ভাবন প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিমান জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করবে।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউট এবং ফুদান ইউনিভার্সিটির গবেষকদের একটি যৌথ দল এ প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা পলিমারের দীর্ঘ রাসায়নিক শৃঙ্খল ভেঙে উড়োজাহাজে ব্যবহারের উপযোগী অ্যালকেন অণু তৈরিতে সফল হয়েছেন। এ প্রক্রিয়ায় তুলনামূলক কম দামের নিকেল ও কোবাল্টের মিশ্রণে তৈরি নতুন ধরনের একটি অনুঘটক ব্যবহার করা হয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি পলিওলেফিন বা পলিমারজাত প্লাস্টিক, যা সহজে পচে না এবং পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। নতুন এই প্রযুক্তির মাধ্যমে এসব প্লাস্টিক সরাসরি তরল জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে। পরীক্ষাগারে এ পদ্ধতিতে ৮২ শতাংশের বেশি তরল জ্বালানি উৎপাদনের সাফল্য পাওয়া গেছে।

গবেষকরা জানান, নতুন অনুঘটকটি অতিরিক্ত গ্যাস তৈরি না করে সরাসরি তরল হাইড্রোকার্বন উৎপাদনে সহায়তা করে। প্রচলিত প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির তুলনায় এটি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সক্ষম।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গবেষণাগারে সফল হলেও এই প্রযুক্তিকে শিল্প পর্যায়ে বড় আকারে প্রয়োগ করা এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য কার্যকরভাবে পরিশোধন করা এখনো বড় চ্যালেঞ্জ। এসব বাধা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে প্লাস্টিক বর্জ্য থেকেই টেকসই বিমান জ্বালানি উৎপাদনের পথ আরও সহজ হবে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট