ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

অধিকার আদায়ে এক ছাতার নিচে আসছেন ভারতের মুসলিম নেতারা

ভারতীয় মুসলিম সম্প্রদায়ের সামনে আসা নানা জট জটিলতা ও জরুরি সমস্যাগুলো একসাথে সামাল দিতে দেশটির শীর্ষস্থানীয় মুসলিম নেতৃত্ব একটি ঐক্যবদ্ধ 'যৌথ জাতীয় মঞ্চ' গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সব মত ও পথের প্রতিনিধিদের এক ছাতার নিচে এনে লড়াই জোরদার করতেই এই পদক্ষপ।
জয়পুরের 'হোটেল আর্কো প্যালেসে' আয়োজিত "ওয়াকফ এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিষয়ক সংলাপ" শীর্ষক জাতীয় সিম্পোজিয়ামে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনটির মূল প্রতিপাদ্য ছিল ‘সাংবিধানিক অধিকার রক্ষা’।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই) আয়োজিত এই আলোচনা সভায় যৌথ জাতীয় মঞ্চ গঠনের মূল প্রস্তাবটি তোলেন বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা উবায়দুল্লাহ খান আজমি। উপস্থিত অধিকাংশ প্রতিনিধিই প্রস্তাবটিকে স্বাগত জানান এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রস্তাবিত এই মঞ্চটি অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি), ওয়াকফ সমস্যা, বন্দে মাতরম বিলসহ মুসলিম সমাজের সাথে জড়িত নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বিতভাবে আন্দোলন ও কাজ পরিচালনা করবে।

মাওলানা আজমি প্রস্তাবিত এই প্ল্যাটফর্মের একটি সুন্দর ও উপযুক্ত নাম সুপারিশ করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও পরামর্শ দেন। এই কমিটি সারা দেশের মুসলিম সংগঠনগুলোর সাথে সমন্বয় রক্ষায় কাজ করবে।এছাড়া ওয়াকফ, ঘৃণাভিত্তিক অপরাধ, আইনি সহায়তা, সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ, শিক্ষা এবং অন্যান্য জরুরি বিষয়ে নির্দিষ্টভাবে নজর দেওয়ার জন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

.এই জাতীয় সিম্পোজিয়ামে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় পণ্ডিত, আইনি বিশেষজ্ঞ, সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা ওয়াকফ সমস্যা ও প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক, আইনি ও সামাজিক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন।

সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা একযোগে এই সংকল্প ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে এবং দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে, তৃণমূল পর্যায়ের উদ্যোগের মাধ্যমে ভারতের মূল চেতনা—অন্তর্ভুক্তিমূলক আদর্শ, বহুত্ববাদ এবং সামাজিক সৌহার্দ্য রক্ষা ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

.সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন এসডিপিআই-এর সর্বভারতীয় সভাপতি এম. কে. ফায়জি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের জাতীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ খান আজমি, সর্বভারতীয় শিয়া পার্সোনাল ল বোর্ডের জাতীয় সহ-সভাপতি জাহীর আব্বাস রিজভী, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি মুজতবা ফারুক, ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শাহিদ হাসান,আস্তানা-এ-আলিয়া খাজা গরীব নেওয়াজের গদ্দানশীন সৈয়দ সারওয়ার চিশতী, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অল ইন্ডিয়া মুসলিম মজলিস-এ-মুশাওয়ারাতের জাতীয় সভাপতি ফিরোজ আহমদ, রহমানি ফাউন্ডেশনের পরিচালক * ফাহাদ রহমানি, মুসলিম মিররের সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ, মিল্লাত টাইমসের প্রধান সম্পাদক শামস তাবরেজ কাসমি, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সহ-সভাপতি হাফিজ মনজুর আলী খান প্রমুখ।এছাড়াও দেশটির বিভিন্ন ক্ষেত্র থেকে আসা আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সম্মেলনে অংশ নেন।