বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণদেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংকঅনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্পঅনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
No icon

মনোনয়ন ফিরে পেতে মানতে হবে সাত নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে সাতটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে। এসব নির্দেশনা প্রার্থীদের মধ্যে প্রচারের জন্য গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।নির্দেশনা অনুযায়ী, আপিল আবেদন নির্বাচন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে। আপিলের সময় মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আপিল আবেদনের একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দিতে হবে।আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণসংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের জন্য নির্ধারিত বুথে জমা দিতে হবে। আগামী ৫ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আপিল দায়ের করা যাবে। আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় আপিল বুথ থেকে সংগ্রহ করা যাবে। আপিল দায়েরকারী অথবা তাঁর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

চিঠিতে আরও জানানো হয়েছে, আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোট ১০টি বুথ থাকবে। এর মধ্যে ১ নম্বর বুথে খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা; ৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; ৪ নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।৫ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা; ৬ নম্বর বুথে সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা; ৭ নম্বর বুথে ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা অন্তর্ভুক্ত থাকবে।

৮ নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা; ৯ নম্বর বুথে বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা এবং ১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীরা আপিল আবেদন করতে পারবেন।এর আগে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি-জাপা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ২ হাজার ৯১টি মনোনয়নপত্র দাখিল করে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বিএনপি প্রধান তারেক রহমান, জামায়াতের আমির মো. শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং খেলাফত মজলিসের মামুনুল হকসহ বিভিন্ন দলের একাধিক নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন কারণে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলও করা হয়েছে।