অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দুই সপ্তাহের জন্য ইরানে বোমা ফেলা থেকে বিরত থাকার ঘোষণা দেন। এটা উভয় পক্ষের সম্মতিতে হয়েছে বলে জানান তিনি। একটি পুরো সভ্যতাকে এক রাতে হত্যার আলটিমেটাম শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ইরান বলেছে, এ দুই সপ্তাহ আইআরজিসির তত্ত্বাবধানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করবে। তবে গতকাল দুটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও পুরোপুরি উন্মুক্ত না করার অভিযোগ উঠেছে।ইরানে হামলা বন্ধ হলেও সার্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম দিনে গতকাল লেবাননে ব্যাপক হামলা চালায়। ১০ মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৫ জন। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বিষয়টি জানান। তিনি এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে বের হওয়ার হুমকিও দেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ইরানের ১০ দফা প্রস্তাবে লেবাননকেও যুদ্ধবিরতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে, কিন্তু লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। একই ধরনের বক্তব্য দিয়েছে হোয়াইট হাউস। গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর আলোচনার ভিত্তিতে এ যুদ্ধবিরতি হয়। একটি স্থায়ী পদক্ষেপের জন্য শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাদে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এরই মধ্যে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দলের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।এর আগে যুদ্ধবিরতিকে বিজয় দাবি করে মঙ্গলবার রাতেই ইরানজুড়ে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে। বিপরীতে ট্রাম্পও দাবি করেছেন, ৪০ দিনের লড়াইয়ে তিনি বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দিনের শুরুতেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে হামলা হয়েছে আরব আমিরাত ও বাহরাইনেও। তবে তেহরান বলছে, তাদের সেনাবাহিনীর কমান্ড বিকেন্দ্রীকরণের অবস্থায় থাকায় সমন্বয়ে বিলম্ব হচ্ছে।এদিকে ট্রাম্পের একটি সভ্যতাকে হত্যার হুমকির পর মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পদ থেকে তাঁর অপসারণের দাবি জানাচ্ছেন। ট্রাম্পকে পদচ্যুত করতে তারা মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীকেও সামনে আনছেন। সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, যদি কোনো প্রেসিডেন্ট মানসিক ও শারীরিকভাবে প্রেসিডেন্ট পদে অযোগ্য হন, তাহলে তাঁকে অপসারণ করা যাবে।
সিবিএস নিউজ জানায়, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোয় ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সাধারণ দাবি মেনেই এ যুদ্ধবিরতি হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরান যুগের সূত্রপাত হয়েছে। আর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, যুক্তরাষ্ট্র এক অনস্বীকার্য, ঐতিহাসিক ও শোচনীয় পরাজয় বরণ করেছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইসলামাবাদে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইরান নিশ্চিত করেছে। নিজের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ বলেন, পেজেশকিয়ান নিশ্চিত করেছেন– সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান অংশ নেবে। এর আগে এক্স পোস্টে যুদ্ধবিরতি ঘোষণা করে শাহবাজ বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার প্রসারে গঠনমূলকভাবে নিয়োজিত রয়েছে।