→ পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৩১ নেতা→ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ→ ‎মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২→ আন্দোলনের মুখে বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়→ ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনে অনুসরণ করতে হবে যে ৫ ধাপ
No icon

ফাঁদে পা নয়, রাজপথে সক্রিয় থাকার নির্দেশ

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিজস্ব ব্যানারে পৃথক কর্মসূচি নিয়ে দেশব্যাপী মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনে ঐক্যবদ্ধ থাকা, কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় জোরদার করে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন বিএনপি প্রধান। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ডিসেম্বরজুড়ে নিজস্ব উদ্যোগে রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপির জন্য এটিই প্রথম বিজয়ের মাস। এ উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দলীয় সাংগঠনিক শক্তি সংহত করার পাশাপাশি নেতাকর্মীদের মাঠের রাজনীতিতে সক্রিয় রাখতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। গত রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য উসকানি মোকাবিলা এবং দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা আমাদের সময়কে এসব তথ্য জানিয়েছেন।

নেতারা বলছেন, বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজপথে সরব থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাজপথের কর্মসূচিতে অবস্থান কর্মসূচি, পথসভা-সমাবেশ, সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। এতে মূল দলের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলকে নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি মনে করেন, কেবল কথামালা বা পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ের সক্রিয় কর্মসূচির মাধ্যমেই জনগণের আস্থা ধরে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও সহিংসতার প্রেক্ষাপটে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো তৃতীয় পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে সেজন্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিয়ে নেতাকর্মীদের ধৈর্যশীল থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট নেতারা বলছেন, দলের ভেতরের সব ধরনের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেছেন, মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিভক্তি বা কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে দল ও সরকারের কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে তৃণমূলের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। কেন্দ্র ও তৃণমূলের মধ্যে যেন কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। নেতাকর্মীদের কেবল রাজধানী বা শহরকেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে এবং সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারেক রহমান বরাবরের মতোই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। দলের নাম বা পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক কর্মকা-, চাঁদাবাজি বা দখলদারত্বে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি অক্ষুণ রাখতে এবং জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সুশৃঙ্খল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। জবাবে তারেক রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।