বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ২০২৫ সালের পুরস্কারের জন্য একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ বা গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ মোট ৮টি শাখায় ৯ জনের নাম এসেছে।বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস। তিনি তৃতীয় লিঙ্গের জীবনচিত্র ও সামাজিক মনস্তাত্ত্বিক লেখার জন্য পরিচিত। প্রবন্ধ-গদ্যে অধ্যাপক সৈয়দ আজিজুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ও বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন।
শিশুসাহিত্যে কবি হাসান হাফিজ। তিনি প্রবীণ সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি । অনুবাদে আলী আহমদ। তিনি বাংলা-ইংরেজি উভয় ধারায় প্রায় তিন দশক ধরে অনুবাদ ও সমালোচনা সাহিত্যে যুক্ত। গবেষণায় মুস্তাফা মজিদ। তিনি মার্কসবাদ-লেনিনবাদী চিন্তায় প্রভাবিত লেখক। এছাড়া গবেষণায় ইসরাইল খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মুসলিম সাময়িকপত্র নিয়ে গবেষণায় রত। বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি বিজ্ঞান বিষয়ে লেখালেখির জন্য বাংলা একাডেমি হালিমা-শরফুদ্দিন পুরস্কারপ্রাপ্ত। মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। তিনি একজন লেখক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, প্রস্তাবক কমিটির সুপারিশ ও সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমি নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে এই তালিকা অনুমোদন করেছে।