মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল। রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, সে বিষয়ে স্পষ্ট করেননি ট্রাম্প। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নতুন করে এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, শনিবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।