হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের অনুমতি যুক্তরাষ্ট্র দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কুশনার। তবে বৈঠকে গাজার জন্য হামাস ইতোমধ্যে যে রোডম্যাপে সম্মতি দিয়েছে, তা বাস্তবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, গাজা পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। তবে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজা পুনর্গঠনের অনুমতি দেব না।তিনি বলেন, কোনো পক্ষই এমন একটি এলাকায় আরও অর্থ বিনিয়োগ করতে চায় না, যেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এবং ভবিষ্যতে সেটি আবার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বা পুনরায় ধ্বংস হয়ে যেতে পারে।যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস অস্ত্র ত্যাগে সম্মত হয়েছিল। এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধের কথা ছিল। তবে চলতি মাসের শুরুতে ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ছাড় দেবে না।
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
আলজাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকাজুড়ে চরম মানবিক সংকটের মধ্যে বাস করছেন ২১ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এর মধ্যে আট লাখ ৬৭ হাজারের বেশি মানুষ এমন সব অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন, যা আর বাসযোগ্য অবস্থায় নেই। গত সোমবার এক বিবৃতিতে গাজা সরকারের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।শীত ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এক আসন্ন মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিয়েছে দপ্তরটি। এতে উল্লেখ করা হয়, এসব জরাজীর্ণ তাঁবুতে বসবাসকারীদের মধ্যে পাঁচ লাখেরও বেশি শিশু রয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে অবিলম্বে ক্রেন, আবহাওয়ার উপযোগী তাঁবু, ইনসুলেশন সামগ্রী এবং অন্যান্য আশ্রয় উপকরণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপত্যকা দখল করে ইহুদি বসতি স্থাপনের আহ্বান ইসরায়েলের
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি গাজা উপত্যকা পুরোপুরি দখল করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গাজায় ইহুদি বসতি স্থাপনের অনুমতি দেওয়ার কথাও বলেছেন।এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বছর কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ২৬৫ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মোট ৭৩ হাজার ৩৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।