ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো অস্বীকার করেননি। তিনি সরাসরি ফোন করলে পুতিন সেই কল ধরবেন এবং কথা বলবেন বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ চ্যানেল ‘ভেস্তি’র সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের জ্যেষ্ঠ সহযোগী (এইড) ইউরি উশাকভ এ কথা জানান। উশাকভকে প্রশ্ন করা হয়েছিল, যদি জেলেনস্কি ফোন করেন তবে কি পুতিন তা রিসিভ করবেন? জবাবে তিনি বলেন, "আমি মনে করি তিনি অবশ্যই উত্তর দেবেন। পুতিন কখনো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি।"
একই সাথে ক্রেমলিনের এই কর্মকর্তা ইঙ্গিত দেন, জেলেনস্কি যদি আসলেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি মুখোমুখি আলোচনা করতে চান, তবে তার জন্য মস্কোর দরজা খোলা রয়েছে।
উশাকভ আরও বলেন, "তিনি (জেলেনস্কি) বিভিন্ন মাধ্যমে আলোচনার বার্তা পাঠাচ্ছেন। তিনি যদি সত্যিই পুতিনের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করতে চান, তবে সরাসরি মস্কোতে চলে আসতে পারেন।" সূত্র: তাস।