→ রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত→ সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী→ পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা→ টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি→ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
No icon

নেপাল-ভারত সম্পর্ক নতুন করে গড়ে ওঠার আশা

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে ওঠার আশা তৈরি হয়েছে। গত মার্চে বলেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে ক্ষমতায় আসে। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকারের পতন হয়েছিল। ক্ষমতায় আসার পর এটি শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।৩৬ বছর বয়সী সাবেক র;্যাপার ও বর্তমান রাজনীতিক বলেন্দ্র শাহ আজ রোববার দুদিনের সফরে নয়াদিল্লি পৌঁছাবেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।বৈঠকে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও নেপালের মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। দুই দেশের মধ্যে এক হাজার ৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা অনেকাংশেই উন্মুক্ত।

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাফার রাষ্ট্র। বিশ্লেষকদের মতে, নেপালের স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। তবে কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্কে বিভিন্ন কারণে টানাপোড়েন চলছে। এর মধ্যে রয়েছে সীমান্ত বিরোধ, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ এবং নয়াদিল্লির আধিপত্যবাদী মনোভাব নিয়ে নেপালের অসন্তোষ।ভারতের প্রভাব ও চীনের প্রতিযোগিতা কৌশলগত অবস্থানের কারণে নেপালে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এ নিয়ে দুই এশীয় শক্তির বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক কেবল কূটনীতি ও কৌশলগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশই সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর দেশ। উন্মুক্ত সীমান্তের দুই পাশে বহু পরিবারের বসবাস। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে প্রতিদিনই সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ হয়। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। তবে বাণিজ্যের ভারসাম্য ভারতের দিকে ব্যাপকভাবে ঝুঁকে রয়েছে, যা দীর্ঘদিন ধরে কাঠমান্ডুর অসন্তোষের কারণ। নেপালের পেট্রোলিয়াম পণ্য ও বেশ কিছু খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী ভারত। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের ভূখণ্ড গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়।দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জলবিদ্যুৎ। নেপাল থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত। ভবিষ্যতে আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির।