ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন পক্ষ ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সংলাপ বা আলোচনায় কোনো লাভ নেই। পরে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা অর্থহীন।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ বা পেরিম দ্বীপ দখলে নেওয়ার পর তারা এ দাবি করে।
বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক তেল ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রণালির মাঝামাঝি অবস্থানের কারণে মায়ুন দ্বীপটি সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সউদী আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা চালায় হুথি গোষ্ঠী। হামলার পর ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় সউদী কর্তৃপক্ষ।
এ পরিস্থিতির মধ্যেই হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে ট্রাম্প সেই অনুরোধ নাকচ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনার বিষয়ে আজিজির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও আঞ্চলিক সংঘাত ঘিরে কূটনৈতিক তৎপরতাও চলছে।