জাপানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেলেও শেষটা জয় দিয়েই রাঙিয়েছে বাংলাদেশ। এলিট পুলের দল মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান অর্জন করেছে সারিকা-কনাদের দল।শনিবার হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত রিমন সারিকা ও কনা আক্তারের গোলে কাঙ্ক্ষিত জয় পায় তারা।এবারের আসরে বাংলাদেশের পথচলা ছিল বেশ উজ্জ্বল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হার নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে দলটি। চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে সবার ওপরে থেকে পরের পর্বে উঠেছিল বাংলাদেশ।চ্যালেঞ্জার পুলে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২২ বার বল পাঠিয়ে নিজেদের জাল অক্ষত রাখে তারা।
এরপর কোয়ার্টার ফাইনালে এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল দলের সামনে।সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ। এলিট পুলে পঞ্চম হওয়া মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী হকি খেলেছে তারা। তবে প্রথম দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আসে বাংলাদেশের কাঙ্ক্ষিত গোল। সফল পেনাল্টি স্ট্রোকে মালয়েশিয়ার জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন রিমন সারিকা।শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। কনা আক্তারের নিখুঁত ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় মেয়েরা। শেষ দিকে মালয়েশিয়া একটি গোল শোধ করলেও তাতে বাংলাদেশের জয় ঠেকানো সম্ভব হয়নি।জাপানের কাছে হারের ধাক্কা সামলে মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করায় সারিকা-কনাদের আত্মবিশ্বাস আরও বাড়ল। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে নারী জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের এবারের অভিযান তাই শেষ হলো সাফল্যের আবহেই।