বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন)। শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।জানা গেছে, ২০২৫-২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারে সংগঠনটির বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে আটক রাখা হয়।
পরে মানবিক বিবেচনায় কক্সবাজার রিজিয়নের বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আটক জেলেদের ধাপে ধাপে ফেরত আনার চেষ্টা চলে। আজ বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জেলে নিয়ে টেকনাফ জেটিঘাটে আসে।স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারত্ব ও সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আটক থাকা অপর জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।