ঢাকায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে এর পর থেকে রাজধানীতে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী তিন থেকে চার দিন ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে, ৬১ মিলিমিটার।অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।