→ পঞ্চগড়ে দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর তাপমাত্রা বাড়ল→ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু→ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে→ ৩০ নভেম্বরের মধ্যে ইউপি চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসানো হচ্ছে এআই ক্যামেরা
No icon

বিএনপির ধারাবাহিকতা, নাকি জামায়াত জোটের চমক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটাররা মুখিয়ে আছেন পছন্দের প্রার্থীকে বেছে নিতে। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন বিএনপির মির্জা ফয়সল আমিন এবং বিরোধী জোট জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। ফলে এ আসনে বিএনপির ধারাবাহিকতা বজায় থাকবে, না চমক দেখাবে জামায়াত জোট, এ নিয়ে রয়েছে সবার আগ্রহ।রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটির উপনির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় এক ধরনের শীতল পরিবেশ বিরাজ করছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এমন পরিস্থিতি।এদিকে, ভোটের আগের দিন গতকাল বুধবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে উপনির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণসহ চারদফা দাবি জানিয়েছে তারা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, ঠাকুরগাঁও-১ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়ছে। বিশেষ করে প্রায় ১ লাখ ৬৮ হাজার হিন্দু ভোটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের ওপর হুমকি-ধমকি ও মারধরের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।বৈঠকের পর ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, এই উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটর সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হবে।এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনকে ৯৭ হাজার ৮০৯ ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো এমপি হন তিনি। এই নির্বাচনে মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮২৬ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট পান।

বিএনপির মনোনয়নে গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং পরদিন ২১ আগস্ট শপথ গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ায় তাঁর আসনটি শূন্য হলে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। এর আগে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। প্রার্থী পাঁচ, ভোটার পাঁচ লাখ আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমিন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন। অন্য তিন প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক।ভোটকে ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কার্যালয়। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য এবং ৭ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। প্রার্থীরাও আমাদের কার্যক্রম দেখে সন্তুষ্ট। আশা করি, একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।