চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এক ই-মেইল বার্তায় অধ্যাপক দেলোয়ার হোসেনকে ভিসির রুটিন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, ইউজিসির একটি সভায় অংশ নিতে ভিসি সোমবার ঢাকায় অবস্থান করবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি ভিসির রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে।ই-মেইল বার্তা অনুযায়ী, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। আজ ২ নভেম্বর সন্ধ্যায় ভিসি কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন।এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে আজ এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।