→ গাজীপুর শিল্পাঞ্চল: উৎপাদনে ফিরেছে কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা→ স্কুলে ভর্তিতে বয়সসীমার ‘দেওয়াল’→ থমথমে গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, এখনো জ্বলছে থানা→ আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প→ কোথায় কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’
No icon

জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ভোগান্তিতে লাখো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার প্রভাব পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সেবায়। উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে গত সোমবার প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকায় পরীক্ষা, ফল প্রকাশ, ভর্তি, সনদ ও নম্বরপত্র সংগ্রহসহ নানা গুরুত্বপূর্ণ কাজে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে উপাচার্য ও অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার বাইরে থাকবে।
উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭। এগুলোতে পড়াশোনা করছেন ৩৩ লাখ ৮৪ হাজার ৫৪৫ ছাত্রছাত্রী। শিক্ষাবিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অধিভুক্ত কলেজের সংখ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বে শীর্ষে অবস্থান করছে। বর্তমানে দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারীদের ৭১ দশমিক ৭৯ ভাগ শিক্ষার্থীই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় লেখাপড়া করছেন।

পরীক্ষা ও ফল প্রকাশে অনিশ্চয়তা

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা ও ফল প্রকাশ নিয়ে। বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ, ফল সংশোধন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাজ নির্ধারিত সময়ে শেষ করা কঠিন হতে পারে। পরীক্ষার সময়সূচি, কেন্দ্র নির্ধারণ, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য দাপ্তরিক প্রস্তুতিতেও বিলম্বের আশঙ্কা রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর খোলা রাখার কথা বলা হলেও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্য দপ্তরের সমন্বয় ও অনুমোদনের প্রয়োজন হলে কার্যক্রমে ধীরগতি দেখা দিচ্ছে। যেসব শিক্ষার্থীর পরীক্ষা বা ফল প্রকাশের সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম জড়িত, তাদের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ছে।

ভর্তি ও সনদ পেতে ভোগান্তি

গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের ভর্তি কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। ভর্তি নিশ্চয়ন, তথ্য সংশোধন, আবেদনসংক্রান্ত জটিলতা নিরসন এবং শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব কাজ শেষ করতে না পারলে ভোগান্তিতে পড়বেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।এ ছাড়া সাময়িক ও মূল সনদ, নম্বরপত্র এবং ট্রান্সক্রিপ্ট সংগ্রহের কাজেও বিঘ্ন ঘটছে। চাকরির আবেদন, উচ্চশিক্ষায় ভর্তি কিংবা বিদেশে পড়াশোনার জন্য জরুরি কাগজপত্র প্রয়োজন এমন শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন।

অধিভুক্ত কলেজগুলোর কাজেও প্রভাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় ২ হাজার ২৫০টি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর সরাসরি যুক্ত। কলেজ পরিদর্শন, অধিভুক্তি নবায়ন, নতুন বিষয় অনুমোদন, শিক্ষক নিয়োগের অনুমোদন এবং গভর্নিং বডি-সংক্রান্ত কার্যক্রমেও ভাটা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক সংস্কার, ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরীক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং সেশনজট কমানোর উদ্যোগেও সাময়িক স্থবিরতা তৈরির আশঙ্কা রয়েছে।

অচলাবস্থার নেপথ্যে কারণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করা হয়। প্রায় ৯ ঘণ্টা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সমকালকে জানান, তিনি প্রায় ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন। পরে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে তাঁর প্রশাসন কিছুই করবে না। আদালতের রায়ের আলোকে যা করার করা হয়েছে, বাকি বিষয়ে সরকার সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন করা হবে। কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না।

আদালতের রায় ঘিরে প্রশাসনের আইনি সীমাবদ্ধতা

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।তবে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে আদালতের রায়ে সরাসরি কোনো নির্দেশনা নেই। অসাধারণ ছুটি হিসেবে গণ্য হওয়ায় ওই সময়ের বেতন পাওয়ার সুযোগও নেই বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশঙ্কা, আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে অন্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এ কারণে আইন ও বিধিবিধান অনুসরণ করেই বিষয়টি নিষ্পত্তি করতে চায় প্রশাসন।