নিজের শারীরিক অবস্থা ও চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের পর অবশেষে পরোক্ষভাবে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি প্রকাশ করে রসিকতাপূর্ণ একটি ক্যাপশনের মাধ্যমে তিনি যেন ভক্তদের উদ্বেগেরই জবাব দিয়েছেন।
নতুন ছবির সঙ্গে সালমান লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তাঁর এই মন্তব্যকে অনেকেই স্বাস্থ্য নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন। পোস্টটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন। টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘খুব সুন্দর’।
কয়েক দিন আগে মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথোরিটি’ (এসআরএ)-এর এক সরকারি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে নতুন তথ্য সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর শারীরিক অবয়ব। অনুষ্ঠানের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন, আগের তুলনায় তাঁকে বেশ রোগা, ক্লান্ত ও পরিশ্রান্ত দেখাচ্ছে। কেউ তাঁর সুস্থতা কামনা করেছেন, আবার কেউ বয়সের ছাপ নিয়েও মন্তব্য করেছেন।
এদিকে এসব আলোচনা চলার মধ্যেই চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ফার্স্ট লুক প্রকাশ করেন সালমান। পোস্টারে তাঁকে সুঠাম দেহে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তাঁর ফিটনেস নিয়েও নতুন করে আলোচনার জন্ম দেয়।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ও সালমান খানের প্রযোজনায় নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়া। চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।