চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঢালিউড সিনেমা ‘প্রিন্স’। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ভরাডুবির মুখে পড়ে।
এর পর থেকে এখন পর্যন্ত এ অভিনেত্রীর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ নতুন কোনো ছবি বা বার্তা প্রকাশ করলেই ভক্তদের একটাই কৌতূহল—কবে আসবে তার নতুন সিনেমা?
রুপালি পর্দায় ফারিণের যাত্রা শুরু হয় ‘ফাতিমা’ সিনেমা দিয়ে। এরপর তিনি ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছুদিন নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে।
শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার আগে কলকাতার মেগাস্টার দেবের ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই কাজটি আর হয়ে ওঠেনি।