ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিমদের সম্মানী প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।তিনি বলেন, আমাদের যেসব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়া আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা শেষে ঈদের আগে পর্যায়ক্রমে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করবে সরকার। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদের আগে বেশকিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে।এ ছাড়া বৈষম্যহীনভাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেধার ভিত্তিতে সরকারি ও সরকারি চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে বৈষ্যমবিহীন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করা। বহির্বিশ্বে জনশক্তি রপ্তানিতে আরও দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলা। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম দ্রুততার সঙ্গে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারব- তার জন্য ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার নীতিমালা সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দেব আমরা; বিদেশে বাংলাদেশের যেসব দূতাবাস রয়েছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠাতে পারব- এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা তাদের মূল্যবান মতামত দিয়েছেন। খুব দ্রুততম সময়ের ভেতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এ রাষ্ট্রব্যবস্থা, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা শুরু করব।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচির বিষয়গুলো তুলে ধরেন উপদেষ্টা। এ সময়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। প্রথমটি হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে।কত টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী গতকাল সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য যেন ভুলেই গিয়েছিলেন, তারা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পাচ্ছেন।কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এর পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি। প্রধানমন্ত্রী এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।