রাজধানী ঢাকার বাতাসের মান দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। শীতকালীন শুষ্ক আবহাওয়া এবং দীর্ঘ সময় বৃষ্টির দেখা না মেলায় ঢাকার বায়ুদূষণ এখন চরম পর্যায়ে।আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৫৩, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কোর ছিল ২৪৬। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে।তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২৫, যা প্রায় ঢাকার কাছাকাছি ক্যাটাগরিতে রয়েছে। তবে দেশটির করাচি শহরের বায়ুমানের উন্নতি লক্ষ্য করা গেছে; ১৩৪ স্কোর নিয়ে শহরটি তালিকার নবম স্থানে নেমে এসেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লি ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় এবং কোলকাতা ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। উভয় শহরের বাতাসই অস্বাস্থ্যকর পর্যায়ে।
অন্যান্য শহরের মধ্যে নেপালের কাঠমান্ডু (১৭৮), সেনেগালের ডাকার (১৭২), ভিয়েতনামের হেনয় (১৫৮) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন (১৫৭) যথাক্রমে তালিকার পঞ্চম থেকে অষ্টম স্থানে অবস্থান করছে।বায়ুমান বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষকেও ঘরের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ঝুঁকিপূর্ণ বলে গণ্য হয়, যা পুরো নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।