চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩এস এস সির ফলে ধ্বস, কী বলছে মন্ত্রণালয় ?আট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির বৃষ্টির আভাস২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশভিসার ধরন বাড়াচ্ছে বাংলাদেশ
No icon

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র : রয়টার্স

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে সমঝোতা হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ ও নির্বিঘ্ন পথ চালুর বিষয়ে আলোচনা এগিয়ে চলছে। এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়ে তা কার্যকর হলে ইরানের বন্দর অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সূত্র।

তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ পুরোপুরি ইরানের কার্যক্রমের ওপর নির্ভর করবে বলে সূত্রগুলো জানিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরানকে যে প্রতিশ্রুতি দেবে, তা বাস্তবায়ন করছে কি না, সেটিও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন চলাচল করে। ফলে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার অবসানে তাই হরমুজে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করাকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরান ও ওমানের মধ্যে আলোচনাও এগিয়েছে। গত ৫ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছিলেন, হরমুজ প্রণালির একটি বাণিজ্যিক নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে সমঝোতা হয়েছে। দুই দেশ এ বিষয়ে একটি যৌথ বিবৃতির অন্যান্য কারিগরি, আইনি, নিরাপত্তা ও পরিবেশগত বিষয় চূড়ান্ত করার কাজও করছিল।

তবে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার বিষয়টি শুধু ইরান ও ওমানের সমঝোতার ওপর নির্ভর করছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের মতো বিষয় নিয়েও তেহরানের দাবি রয়েছে। ফলে নৌপথ চালুর আলোচনা এগোলেও সামগ্রিক সমঝোতার ক্ষেত্রে এখনো বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে। ওই চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীনভাবে শুরু করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করছে কি না, তার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।