→ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু→ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন→ ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু→ ফের শঙ্কায় পোশাক খাত→ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
No icon

ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি

সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় জোটটি। জোটের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’।

সউদী নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।

হুদাইদাহ বন্দরে হামলা হলে জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। একই সঙ্গে সউদী আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এ ছাড়া সউদী আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল তারা।

সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহণে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে জোট। পরে দেওয়া আরেক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সউদী আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানান তিনি।

এদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। তবে হামলায় নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে হুথিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।