রাজধানীতে গতকাল শনিবার চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার কেরানীগঞ্জে একটি পিকআপে আগুন দেওয়া হয়। যাত্রাবাড়ীসহ রাজধানীর তিন জায়গায় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক রিকশাচালকসহ দুজন আহত হন।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৩৪০টি চেকপোস্ট বসায় পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়।সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বরে অভিজাত পরিবহন এবং প্রায় একই সময় পল্লবীর ১১ নম্বরে শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে বাড্ডায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১টার দিকে মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল থানার সামনে জব্দ করা পিকআপে আগুন দেওয়া হয়।গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এর আগে ডিএমপি সদরদপ্তর ও পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। সেখানে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের করণীয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান সমকালকে বলেন, সিনিয়র কর্মকর্তারা মাঠ থেকে চেকপোস্ট ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি নিজেও ঘুরে ঘুরে সব তদারক করছি। আমার এলাকায় ৫০টির মতো চেকপোস্ট বসানো হয়েছে।মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা মিরপুর ১-এ অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বাসের একটি সিট পুড়ে গেছে। পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, যাত্রীবেশে বাসে উঠে ১১ নম্বরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ফায়ার সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বলেন, একটি বাস বাড্ডার ইউলুপের নিচে ওয়ার্কশপে দাঁড়ানো ছিল। পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে আগুন নেভানো হয়।যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সন্ধ্যায় যাত্রাবাড়ীর মোড়ে চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
এছাড়া রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হয়েছেন।রাত সাড়ে ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঢাকা রেলওয়ে থানার এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের ৫৫৭ নম্বর পিলারের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে বেতার বার্তায় সব থানা পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে থাকতে বলা হয়েছে সব কর্মকর্তাকে। ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, কোনো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে একটি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। ইউনিফর্মের পাশাপাশি বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্য মাঠে কাজ করছেন।গত শুক্রবার ঢাকা মহানগরে সাত স্থানে অন্তত ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া একটি বাসে আগুন দেওয়া হয়। এই পরিস্থিতিতে গতকাল ডিএমপি মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর পাশাপাশি ঢাকা শহরের প্রধান প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চালানো হয়।গতকাল মগবাজার, সাতরাস্তা, মালিবাগ, রামপুরা ও শাহবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম দেখা যায়। এসব সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক নয়
যানবাহনের নিরাপত্তার জন্য সড়কের পাশে বা নির্জন জায়গায় গাড়ি পার্ক না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
ককটেল-বাসে আগুনের ঘটনায় দুই মামলা
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং কাফরুলে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও চৌরাস্তা মোড়ে অন্তত চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, এ ঘটনায় মো. রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, বাসে আগুন দেওয়ার নির্দেশদাতাসহ সাতজনের নামে মামলা করা হয়েছে।শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের আলামত না পাওয়ায় মামলা হয়নি, সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।এ ছাড়া শুক্রবার মালিবাগ, মগবাজার, বাবুবাজার ও রামপুরায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, গতকাল রাত ৯টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।