ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক ফন্টেইনব্লো (Fontainebleau) বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আগুনে প্রায় ৮০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা এই অগ্নিকাণ্ডকে ‘অত্যন্ত মারাত্মক’ ও অস্বাভাবিক মাত্রার বলে বর্ণনা করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবসের ছুটির ঠিক আগে এ দাবানলের ঘটনা ঘটেছে। প্যারিস থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ফন্টেইনব্লো বন একসময় ফরাসি রাজাদের শিকার ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে বনটির আশপাশে রয়েছে অসংখ্য জনবসতি ও শান্ত গ্রাম।
তীব্র তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফরাসি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে দক্ষিণাঞ্চল থেকে দুটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করেছে। পাশাপাশি দুটি হেলিকপ্টার ও একটি পর্যবেক্ষণ বিমানও উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে। ফ্রান্সের জাতীয় ফায়ারম্যান ফেডারেশনের কর্মকর্তা এরিক ব্রোকার্ডি জানান, সাধারণত দেশের শুষ্ক ও উত্তপ্ত দক্ষিণাঞ্চলে দাবানল মোকাবিলায় জলবোমা নিক্ষেপকারী বিমান ব্যবহার করা হয়। তবে প্যারিস অঞ্চলের কোনো আগুন নিয়ন্ত্রণে এবারই প্রথম দক্ষিণাঞ্চল থেকে এ ধরনের বিমান পাঠাতে হয়েছে।
আগুনের তীব্রতার কারণে দেশটির গুরুত্বপূর্ণ এ৬ মহাসড়কের একটি অংশ আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকার নেমে আসায় আকাশ থেকে পানি নিক্ষেপকারী বিমানগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
দাবানলের ঝুঁকিতে ফন্টেইনব্লোর কাছের ভাদোইউ গ্রামের প্রায় ১৫টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশ থেকে ছাই পড়তে দেখা যায় এবং অনেকেই দ্রুত তাদের পোষা প্রাণীসহ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। বর্তমানে ৪০০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধারকর্মীরা আশপাশের আরও কয়েকটি এলাকা আগুনের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, চলতি গ্রীষ্মে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশটির তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তাপপ্রবাহের প্রভাব পড়েছে ‘ট্যুর ডি ফ্রান্স’ সাইক্লিং প্রতিযোগিতাতেও। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় একটি ধাপের দূরত্ব কমিয়ে আনা হয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত দেশটির প্রায় ১৭ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। চূড়ান্ত হিসাব শেষে এই পরিমাণ ২৫ হাজার হেক্টরে পৌঁছাতে পারে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। তথ্যসূত্র: বিবিসি, এএফপি