বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ।
দারুণ ছন্দে থাকা হোপকে দেওয়া হয়েছে বিশ্রাম। অন্যদিকে চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। জোসেফের বদলি হিসেবে দলে এসেছেন অলরাউন্ডার কেমো পল।
চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর, সিলেটে।বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে টেস্ট দল থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁর সম্মতিও ছিল বলে জানিয়েছে বোর্ড।
অন্যদিকে হোপ এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার। তিন সংস্করণেই টানা খেলতে হয় তাঁকে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। তারই অংশ হিসেবে বাংলাদেশ সিরিজে নেই হোপ।
প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮
দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেলও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। তাঁর বদলি হিসেবে দলে আসা কার্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে দল থেকে বাদ পড়েছেন।
২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ এটি। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে আছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ভালো ফল করে অবস্থান উন্নত করতে চায় তারা। চারে থাকা বাংলাদেশের জন্যও ফাইনালে উঠতে এই সিরিজ গুরুত্বপূর্ণ।